উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ সত্ত্বেও ছাত্রত্ব হারাচ্ছেন মাসুদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের বিশেষ অনুমতি এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরও ছাত্রত্ব হারাতে বসেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী। মাসুদ রানা নামে ওই শিক্ষার্থীর অভিযোগ: ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগ ও একাডেমিক কাউন্সিলের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসুদ রানা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যক্তিগত কারণে ওই সেশনে ক্লাসে অংশগ্রহণ না করে পরবর্তী সেশনে (২০১৫-১৬) পুনরায় ভর্তি হয়ে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০১৫-১৬ সেশনের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। পরে তার আবেদনের প্রেক্ষিতে এবং বিভাগীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে তাকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তির জন্য সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। কিন্তু একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরও তাকে ইনকোর্স ও মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুপারিশ করা হয়। ফলে মাসুদ ওই সেমিস্টারে উত্তীর্ণ হতে পারেননি।