এটা রাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

মেয়েদের লেখাপড়া না করানোর বিষয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর রাষ্ট্রীয় নীতি-বিরুদ্ধ বক্তব্যকে তার ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাষ্ট্রের নীতির সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যমূলক’ ওই বক্তব্য গ্রহণের সুযোগ নেই বলেও মত দিয়েছেন তিনি। শনিবার সকালে নগরীর চশমা হিলে পৈত্রিক বাড়িতে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রতিক্রিয়া জানান তিনি।

শুক্রবার চট্টগ্রামের হাটাহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় বার্ষিক মাহফিলে মাদ্রাসার পরিচালক আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর পরামর্শ দেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় নতুন শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এটা আমাদের রাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং শ্রদ্ধা ও সম্মানের সাথেই বলব, আমরা যারা বাক স্বাধীনতার কথা বলছি, মনে রাখতে হবে আমাদের সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা আছে। আমরা যেন বৈষম্যমূলক কোনো মন্তব্য না করি।’

নওফেল আরো বলেন, ‘যিনি এ মন্তব্যটা করেছেন তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন, যে কোনো নাগরিকের যেহেতু বাক স্বাধীনতা আছে- তার মনের ভাবনা বহিঃপ্রকাশ করার। তিনিও দেশের একজন নাগরিক হিসেবে নিজের বিশ্লেষণ দিয়েছেন।’