রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসলাম মিয়া (১৬) নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আসলাম চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডের বাকপ্রতিবন্ধী গিয়াস উদ্দিনের ছেলে। এছাড়া আসলাম স্থানীয় নবকিশোলয় স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহত আসলাম মিয়ার বোন জামাই ইলিয়াছ মিয়া জানান, গতকাল শনিবার দুপুরে আসলাম মিয়া বাড়ির পার্শের একটি দোকানে বসে ছিলেন। এসময় মেহেদী হাসান পেছন থেকে এসে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পেটের একপাশে আঘাত করে। এতে করে আসলাম মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত কয়েক মাস আগে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আসলাম মিয়ার সঙ্গে একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। ওই সময় মেহেদী হাসানকে মারপিট করে আসলাম। এরপর মেহেদী হাসানের পরিবার আসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই তাদের মাঝে শত্রুতা তৈরি হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।