সাভারে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ডিশ ব্যবসায়ীর অফিসে গুলির ঘটনায় গুলিবিদ্ধ ইসমাইল (২৬) ও ইস্রাফিলের (২৫) বড় ভাই মোঃ ইয়াসিন বাদী হয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মাদবরের ছেলে যুবলীগ নেতা মোঃ রাসেল মাদবরসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং-৩৯) দায়ের করেছেন। এছাড়া একই ঘটনায় পৌর যুবদলের সহ-সভাপতি ইউনুস পারভেজসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে অপর একটি মামলা (মামলা নং-৩৫) দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মাদবর। তবে এসব মামলায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।