ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, চলমান পোশাক শ্রমিকরদের বিক্ষোভে কেউ যদি ব্যক্তিগতভাবে ইন্ধন দিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ নিরসনে গত ৮ জানুয়ারি শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনো বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে। ফেব্রয়ারীতে সংশোধিত গ্রেডিংয়েই বেতন পাবে শ্রমিকরা।
বৈঠকে এ সমস্যা সমাধানে কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটিতে গার্মেন্টস মালিকদের পাঁচজন, গার্মেন্টস শ্রমিকদের পাঁচজন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দুই সচিব থাকবেন। এই কমিটি চলতি মাসের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর কোনো গ্রেডের মধ্যে অসঙ্গতি থাকলে তা বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেবে। এর মধ্যে আজ শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে, সাভার, আশুলিয়া ও গাজীপুরের গার্মেন্ট শিল্প অধ্যুষিত এলাকায় শ্রমিক বিক্ষোভ করেছেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার ওপর বিশৃঙ্খলা করে কেউ জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না। এরই মধ্যে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা (ডিবি) সংস্থাকে নির্দেশ দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।