সাতক্ষীরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজ রবিবার সকালে সাতক্ষীরা সদরে নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে জুয়েল (২৮) নামে এক নির্মাণ শ্রমিক এবং জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় ইঞ্জিন ভ্যান উল্টে এর চালক শাহ জামাল (৪২) নিহত হয়েছেন।

নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া গ্রামের শাহিদুল্লার ছেলে এবং শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় জুয়েল পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন: সৌদিতে দুর্ঘটনায় নিহত বেলালের বাড়িতে শোকের মাতম

অপরদিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শাহ জামাল খাজরা বাজার থেকে ধানের বিচলী নিয়ে ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়িতে আসার সময় পথিমধ্যে তুয়ারডাঙ্গা নামক স্থানে পৌঁছালে ইঞ্জিন ভ্যানটি উল্টে গিয়ে নিজের গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/মোস্তাফিজ