ঝিনাইদহ শহরের হামদো বাইপাস এলাকায় ট্রাক চাপায় ইমরান হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে শহরের আলহেরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
নিহত ইমরান হোসেন সদর উপজেলার শিকারপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, রবিবার বাইসাইকেল যোগে বাড়ি থেকে আলহেরা ইসলামী ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে আসছিল ইমরান। সে বাইপাস মোড়ে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোর গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
আরো পড়ুন: মাছের ড্রামে রোহিঙ্গা পাচার
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে এবং ঘাতক ট্রাক চালকে অচিরেই গ্রেফতার করা হবে।
ইত্তেফাক/বিএএফ