হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জুবেদ মিয়া (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবেদ মিয়া দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জুবেদ মিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। তারা জুবেদের পরিবারকে খবর দিলে তার স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে কোনো অভিযোগ না থাকায় জুবেদের আত্মীয় স্বজন তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুনঃ সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ‘জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল। সে মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজনের তার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন তারা।’
ইত্তেফাক/নূহু