হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনের নাম তারিফুল ইসলাম রাফুল (২৮) ও আবু ইউসুফ (৬০)। রবিবার দুপুর ১২ ঘটিকার সময় হাতিয়া উপজেলা সদরের খবির মিয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খবির মিয়া বাজারে জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তারিফুল ইসলাম রাফুল ঘটনাস্থলে নিহত হন। এ সময় জিপ গাড়িচালক রুবেল হোসেন পালিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে গাড়ির যাত্রী আবু ইউসুফ নিহত হন।

এ সময় ফয়েজ উদ্দিন (৬০), ইকবাল উদ্দিন (৩০), মনির উদ্দিন (৩০), মিরাজ উদ্দিন (৩৫), শেফালী বেগম (৪০) এবং মহিবুল্যাহ (৪৫) গুরুতর আহত হন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুনঃ ডুও লিভস রেস্টুরেন্ট অ্যান্ড কুইজিনের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান শিকদার। নিহত দুইজনের বাড়ি হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে।

ইত্তেফাক/নূহু