সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত; প্রতিবাদে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সারোয়ার খানের মৃত্যুর ঘটনায় ঘাতক হানিফ পরিবহনের চালকে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট শহরতলীর মেজরটিলা ইসলামপুরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই আল্টিমেটাম দেয়া হয়। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে চালককে গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার শহরতলীর ইসলামপুরে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সারোয়ার খানের। পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সারোয়ার খান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় আরেক ছাত্রলীগকর্মী অনিক। দুর্ঘটনার পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। 

এর প্রতিবাদে রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধন পরবর্তী সমাবেশে ঘাতক বাস চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। এছাড়াও নিহত সারোয়ার খানের পরিবারকে ও আহত অনিককে ক্ষতিপূরণ প্রদান এবং ইসলামপুর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে স্প্রিডব্রেকার নির্মাণের দাবি জানানো হয়। 

মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হাই জামালী, আল আমিন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ব্যবসায়ী মোয়াক্কির আহদ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম এ সামাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, সহ নাট্য সম্পাদক ফাহাদ আহমদ রুমেল, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ বদরুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, সঞ্জয় চৌধুরী, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, হোসেন 
প্রমুখ। 

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা: ৩৬টি জেল আপিল শুনানি হবে ১৮ আসামির

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষন করে অংশগ্রহণ করেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, শাহপরাণ থানা ছাত্রলীগ, খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, সিলেট এসমি বিশ^বিদ্যালয় কলেজ, সরকারি কলেজ, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,  শাহজালাল উচ্চ বিদ্যালয়, শাহপরাণ উচ্চ বিদ্যালয়, দেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী।

ইত্তেফাক/জেডএইচডি