সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন। তার নাম আবদুল লতিফ (৪৫)। তিনি নাহার ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কোম্পানির টাঙ্গাইল জেলার এরিয়া ম্যানেজার ছিলেন।

বৃহস্পতিবার সকালে সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালা আমবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চৌবিলা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবদুল লতিফ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে সখীপুরের বাসা থেকে উপজেলার তক্তারচালা বাজারে যাচ্ছিলেন। পথে সখীপুর-ঢাকা-গোড়াই সড়কের তক্তারচালা আম বাগান নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে যান।

স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সখীপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/নূহু