উপজেলা পরিষদ নির্বাচন

মির্জাপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশী দেড় ডজন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই মির্জাপুরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। দলীয় দৌড়ে লবিংয়ে ব্যস্ত নবীন প্রবীণ দেড় ডজন হেভিওয়েড প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। এরমধ্যে বিএনপি ও জাতীয় পার্টি খুব একটা সক্রিয় না থাকায় এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই।

উপজেলা নির্বাচনে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী তারা হলেন মির্জাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হংকং শাখার আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি ও সমাজ সেবক মো. আবুল কালাম আজাদ লিটন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ওয়ার্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর্জা আব্দুল্লাহেল শাফী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠনের একনিষ্ঠ কর্মী মো. আবু রায়হান সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা মো. শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ হায়দার খান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা  যুবলীগের সাবেক আহবায়ক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. সেলিম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক এজিএস দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা এবং টাঙ্গাইল জেলা বিএনপির মহিলা দলের সহ-সভাপতি এবং মির্জাপুর উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকা স্বপ্না।

বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। পর পর সাতবার চেয়ারম্যান এবং বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। আশা করছি এই নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন পাবো।

মনোনয়ন প্রত্যাশী মো. আবুল কালাম আজাদ লিটন, মীর্জা আব্দুল্লাহেল শাফী ও তৌফিকুর রহমান তালুকদার রাজিব বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। প্রবীণদের চেয়ে নবীনরা অনেক এগিয়ে। তাই আশা করি এলাকার উন্নয়ন ও দলের স্বার্থেই পুরনোদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়া হবে।