বেড়ায় পৌষ সংক্রান্তিতে বাড়িতে বাড়িতে আলপনা

বেড়া (পাবনা) সংবাদদাতা

পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উত্সবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এ উত্সব পালন করা হয়। এটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। স্থানীয় ভাষায় এটিকে ‘পুষুরা’ বলা হয়। বাংলা পৌষ মাসের শেষ দিনে আয়োজন করা হয় এ উত্সবের।

হিন্দুরা এ দিন আনুষ্ঠানিকভাবে খোলা (পিঠা তৈরির মাটির পাত্র) পোড়ানোর মধ্য দিয়ে পিঠা বানানো আরম্ভ করে। তিনদিন ধরে এ পিঠা তৈরির উত্সব চলবে। এ উত্সবে প্রতিটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ির উঠানে শোভা পাচ্ছে আলপনা। চালের গুঁড়া দিয়ে আলপনার রঙ তৈরি করা হয়। চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে হাত দিয়ে বাড়ির উঠানে নানা রকম নকশা ফুটিয়ে তোলা হয়। কখনো ফুল আবার অন্য নকশাও আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়। দিনভর চালের গুঁড়া তৈরির পর বিকালে প্রতিটি বাড়িতেই চলে আলপনা তৈরির কাজ। সংক্রান্তি দিনে সকালে পিঠা-পুলি, পায়েস, দই-চিড়া, তিলু-কদমা আর নকুল-বাতাসার পাশাপাশি বিভিন্ন ফলমূলের আয়োজন হয়ে থাকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও আত্মীয়সহ প্রতিবেশীর বাড়ি যান। পৌষ সংক্রান্তি মানেই মিষ্টি-পিঠে-পার্বণ। এ দিন সকাল থেকেই বাড়িতে বাড়িতে চলতে থাকে পিঠা তৈরির প্রস্তুতি।