স্টাফ রিপোর্টার, দিনাজপুর
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে রবিবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরে তারা ২৪ ঘন্টার মধ্যে ক্লাস-পরীক্ষা চালুর উদ্যোগের আল্টিমেটাম দিয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে তারা শেশনজটের মধ্যে পড়েছেন এবং কবে নাগাদ চালু হবে তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে বেতন বৈষম্য দূরীকরণ, সহকারী অধ্যাপকদের লাঞ্ছিত ও নারী শিক্ষিকাদের শ্লীলতাহানিকারীদের বিচার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টার বহিস্কার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন ৬১ জন সহকারী অধ্যাপক। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামও। প্রায় দু মাস ধরে বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষকের মধ্যে দেড় শতাধিক শিক্ষক আন্দোলনে থাকায় অধিকাংশ ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।