খুলনা অফিস
আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রবিবার কর্মীসভা করেছে খুলনা জেলা জাতীয় পার্টি জেপি। জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আ. মজিদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি জেপি চৌদ্দ দলীয় জোটের অন্যতম শরীক দল। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের নির্দেশ মোতাবেক জেপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। ইতোমধ্যে জেলা জেপি খুলনা জেলার নয়টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। বক্তৃতা করেন, জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসন হাওলাদার, সহ-সভাপতি ও সাবেক কমিশনার কেসিসি নজরুল ইসলাম, আ. সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, চৌধুরী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দিঘলিয়া উপজেলার সভাপতি এস এম জাকারিয়া প্রমুখ।