চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে রবিবার শেষ হলো হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (রঃ) তিন দিনব্যাপী বার্ষিক ওরস। সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় খাজা এনায়েতপুরী (র.) আওলাদগণ, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন অংশ নেন। পরে দেশের প্রতিটি জেলা-উপজেলা এবং ভারতের আসাম থেকে আগত পাঁচ লক্ষাধিক জাকেরানদের বিদায় দেওয়া হলে তারা বহর নিয়ে নিজ-নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। আর এভাবেই শেষ হয় ২০১৯ সালের ১০৪তম বার্ষিক ওরস।
এ ব্যাপারে মাজার শরীফ কর্তৃপক্ষের আলহাজ মাওলানা আব্দুল আওয়াল, মুরাদ খান, মাহফুজুর রহমান (বাবলু), আনছার কমান্ডার আনিছুর রহমান জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যে শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হওয়ায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। উল্লেখ্য, ১৯১৬ সালে প্রথমবার তত্কালীন দরবার শরীফের গদ্দিনশীন হুজুর পাক হযরত খাজা বাবা ইউনুছ আলী (র.) তার কয়েকজন ভক্ত ও কয়েকশ’ অনুসারী সঙ্গে নিয়ে স্বল্প পরিসরে শুরু করেন বার্ষিক ওরস।