বদলি শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-পাণ্ডিয়া

স্পোর্টস রিপোর্টার

নারী সম্পর্কে অশালীন মন্তব্যের কারণে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ভারতীয় দুই তারকা লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। এই খবরটা পুরনো। নতুন খবর হলো তাদের জায়গায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছে অল রাউন্ডার বিজয় শঙ্কর ও ব্যাটসম্যান শুভমান গিলকে।

গত সপ্তাহে ভারতীয় টেলিভিশনের প্রচারিত একটি রিয়েলিটি শো’তে রাহুল ও হার্দিক নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। ফলে সিডনিতে কাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগে তাদেরকে স্কোয়াড থেকে নিষিদ্ধ করে দেশে ফেরত আসার নির্দেশ দেয়া হয়। এ সম্পর্কে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  ‘অ্যাডিলেডে আগামী মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ শুরু হবার আগে বিজয় শঙ্কর দলের সাথে যোগ দিবেন। অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য তাকে দলে ডাকা হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুভমান গিলকে দলভুক্ত করা হয়েছে।

অশালীন মন্তব্যের কারণে বিসিসিআইয়ের পক্ষ থেকে দুজনকেই কারণ দর্শানো নোটিস দেয়া হয়েছিল। অবশ্য তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। পাণ্ডিয়ায় বেশিরভাগ মন্তব্য করেছেন, রাহুলও সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তার সতীর্থের এ ধরনের মন্তব্য উপভোগ করেছেন। পরবর্তীতে অবশ্য বিষয়টি বুঝতে পেরে পাণ্ডিয়া দুঃখ প্রকাশ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিসিসিআই। তার আগে সবধরনের ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছে। হার্দিক ও রাহুলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও সিডনিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ভারত ৩৪ রানের পরাজয় বরণ করে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার অ্যাডিলেড অনুষ্ঠিত হবে।