অ্যান্ডি মারের শেষ অস্ট্রেলিয়ান ওপেন

ইতিহাসের দুয়ারে সেরেনা-ফেদেরার

স্পোর্টস ডেস্ক

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্ব শুরু হচ্ছে আজ। চোটের কারণে ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে এ বছরই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। তবে তিনি আশঙ্কা করছেন এটি হতে যাচ্ছে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম।

পুরুষ এককের  শিরোপাধারী রজার ফেদেরার বেশ কয়েকটি অবিস্মরণীয় কীর্তির সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতাটি শুরু করছেন। এবারের প্রতিযোগিতায় শেষ হাসি হাসতে পারলে ক্যারিয়ারের শততম শিরোপা জয় করবেন এই সুইস।

ইতিহাসের হাতছানি আছে সেরেনার সামনেও। ক্যারিয়ার জুড়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আমেরিকান এবারের প্রতিযোগিতাটি জিতলে মার্গারেট কোর্টের ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসাবেন।

পুরো ক্যারিয়ার জুড়ে সাফল্য এসে লুটিয়ে পড়েছে ফেদেরারের পায়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯৯টি শিরোপা জয় করেছেন। তার সামনে এবার সুযোগ শততম শিরোপা জয়ের। আজ বিকেলে উজবেকিস্তানের দেনিস ইস্তোমিনের বিপক্ষে রাউন্ড অফ ১২৮ এর ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় আরও অনেক কীর্তি অপেক্ষা করছে ফেদেরারের জন্য। গেলবারের ফাইনাল জিতে প্রতিযোগিতাটি সবচেয়ে বেশিবার জয়ের দিক থেকে নোভাক জকোভিচকে ধরে ফেলেছিলেন এই সুইস। এবার ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ফেদেরারের সামনে সুযোগ জকোভিচকে পেছনে ফেলবার। এছাড়াও এবারের শিরোপা জিততে পারলে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অনন্য কীর্তি গড়বেন ফেদেরার। তা করতে পারলে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডটাও গড়ে ফেলবেন ৩৭ বছর বয়সী এই সুইস। 

প্রতিযোগিতার শীর্ষ বাছাই নোভাক জকোভিচকেই ফেদেরারের কীর্তি গড়ার পথে প্রধান প্রতিবন্ধক হিসেবে ধরা হচ্ছে। গেল বছরের ইউএস ওপেন এবং উইম্বলডনের শিরোপাজয়ী এই সার্বিয়ানও নিশ্চিতভাবেই চাইবেন ক্যারিয়ারের সবচেয়ে বেশিবার জেতা এই টুর্নামেন্টকে নিজের রঙে রাঙাতে।

 চোটের সঙ্গে লড়ে এবারের প্রতিযোগিতায় আসা রাফায়েল নাদালকেও এবারের ফেভারিটদের তালিকা থেকে ছেঁটে ফেলা যাচ্ছে না। পুরুষদের টেনিসে ‘বিগ ফোরের’ শেষজন অ্যান্ডি মারে জানিয়ে দিয়েছেন আসন্ন উইম্বলডন দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। কোমরের ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই ব্রিটিশ অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন চোটের কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন খেলেই অবসর নিতে হতে পারে তাকে। সম্ভাব্য শেষ গ্র্যান্ড স্ল্যামটি শিরোপা জয় দিয়ে রাঙাতে মারে নিজের সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়বেন তা বলাই বাহুল্য!

নারীদের এককে দুই বছর আগে এই অস্ট্রেলিয়ান ওপেনেই নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছিলেন সেরেনা উইলিয়ামস। ফলে ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্টেফি গ্রাফকে ছাড়িয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিটিও নিজের করে নিয়েছিলেন তিনি। উন্মুক্ত যুগের রেখাটা মুছে দিলে নারী এককে সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড মার্গারেট কোর্টের (২৪)। এবারেরটি জয় করে তাকে ছুঁয়ে ফেলার হাতছানি আছে সেরেনার সামনে।

তবে আমেরিকান টেনিস তারকার কাজটি যে সহজ হবে না তা গেল বছরের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ীদের তালিকা দেখলেই ধারণা মেলে। ২০১৮ সালে চারটি গ্র্যান্ড স্ল্যামে নারী এককের শিরোপা জিতেছেন চারজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। ক্যারোলিন ওজনিয়াঙ্কি, সিমোনা হালেপ, অ্যাঞ্জেলিক কেরবার ও নাওমি ওসাকারা এবারও যে সেরেনার পথে কাঁটা বিছিয়ে বসবেন না সে সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।