বিএবি’র বার্ষিক প্রতিবেদন প্রকাশ
ইত্তেফাক রিপোর্ট
রপ্তানি বাণিজ্য সমপ্রসারণ তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও ২০১৮ সালের ২য় ষান্মাসিক নিউজলেটার এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিএবি’র কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরির ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (এপিএসি) (প্রাক্তন এপলাক) ও আন্তর্জাতিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইলাক) এর পূর্ণ সদস্যপদ অর্জনসহ ২০১৫ সালে পারস্পরিক স্বীকৃতি চুক্তি (এমআরএ) স্বাক্ষর করেছে। এতে করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএবি’র কার্যক্রম স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে যা আন্তর্জাতিক বাণিজ্যে কারিগরি বাধা (টিবিটি) অপসারণের মাধ্যমে দেশীয় পণ্যের রপ্তানি বাণিজ্য প্রসারে সহায়তা করছে। মেডিক্যাল ল্যাবরেটরি ও পরিদর্শন সংস্থার ক্ষেত্রে এমআরএ অর্জনের জন্য বিএবি এপিএসি কর্তৃক মূল্যায়ন সম্পন্ন করেছে। শীঘ্রই বিএবি এই ক্ষেত্রসমূহে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে বলে জানান তিনি।