মাত্র ২ টাকার বিনিময়ে বাহারি সব আইটেমে সাজানো বুফের খাবার পেলো সুবিধাবঞ্চিত শিশুরা।
গতকাল বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর একটা স্বনামধন্য রেস্টুরেন্টে এই আয়োজন করে অসহায় মানুষের স্বপ্নপূরণে কাজ করা সামাজিক সংগঠন 'যাত্রী ছাউনি'।
শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুদেরকে এতে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন ধরনের প্রায় ৫৫টি আইটেমের খাবারের পসরা সাজানো হয়। খাবারের বিনিময়ে তাদের কাছে থেকে রাখা হয় মাত্র দুই টাকা।
আয়োজনের উদ্যোক্তা ও 'যাত্রী ছাউনি' সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরহাদ জিসান জানান, দুই টাকার বিনিময়ে দেওয়ার উদ্দেশ্য হল, বাচ্চারা যেন একে করুণা বা ভিক্ষা মনে না করে এবং নিজেদের টাকায় বুফে খাওয়ার আনন্দটা যেন পেতে পারে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য সমাজে অবহেলিতদের স্বপ্নপূরণ। আমরা চাই সমাজটা সবার জন্য যেন সমান হয়।
বুফে খাবার শেষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিডস প্লে জোনে ব্যবস্থা করা হয় খেলাধুলার।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাদিরা নুর, পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শহিদুল ইসলাম ও 'যাত্রী ছাউনি'র অন্যান্য উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
ইত্তেফাক/এসটিএম