বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর শ্যালক ব্রি. জে. (অব.) গিয়াস উদ্দিন চৌধুরীর স্ত্রী মাহমুদা চৌধুরীকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বিকল্পধারার একজন নেতা এই চিঠি পৌঁছে দেন। জানা গেছে, বি. চৌধুরীর শ্যালক গিয়াস উদ্দিনও বিকল্পধারার কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক বিকল্পধারা একাদশ সংসদ নির্বাচনে দুটি আসন পায়। দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪ এবং প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী মুন্সীগঞ্জ-১ আসনে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। সংরক্ষিত মহিলা আসনে একজন সদস্য পেতে আনুপাতিক হারে একটি দল, জোট বা গ্রুপের অন্তত ৬ জন নির্বাচিত সংসদ সদস্যের সমর্থন লাগে।
বিকল্পধারা সূত্রে জানা গেছে, মহাজোটের শরিক হিসেবে বিকল্পধারার প্রস্তাবমতো মাহমুদা চৌধুরীকে মনোনয়ন দিতে আওয়ামী লীগের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।