মইনুলের বিরুদ্ধে ১৫ মামলার কার্যক্রম স্থগিত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ১৫ মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ সব মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। মইনুল হোসেনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আদালত বলেছে যার মানহানি হয়েছে অর্থাত্ যিনি সংক্ষুব্ধ কেবল তিনিই এ মামলা করতে পারবেন। তৃতীয় কোনো পক্ষ বা আর কেউ এ মামলা করার এখতিয়ার নেই। ফলে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে তাকে জামিন দেয়া হয়েছে। এর ফলে কারামুক্তিতে বাধা নেই।

খুরশীদুল আলম বলেন, আরো তিনটি মামলায় এখনও জামিন না হওয়ায় আপাতত মুক্তি মিলছে না তার।

গত ১৬ অক্টোবর টিভি টকশোতে তার দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মানহানির মামলা করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জ, ভোলা, নড়াইল, যশোর, নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় করা মামলায় তিনি গতকাল জামিন পেয়েছেন।