চৌমুহনীতে এক জেএমবি সদস্যকে ঘেরাও

চৌমুহনী শহরের কিসমতকরিমপুরে মিলন মিয়ার বিল্ডিংয়ে এক জেএমবি সদস্যকে বিকাল ৪টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ।

জানা যায়, চৌমুহনী শহরের ৭ নং ওয়ার্ডের কিসমতকরিমপুর এলাকার মিলন মিয়ার বিল্ডিংয়ে সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া এলাকার ক্বারি সাইফুল্লাহ নামে এক ব্যক্তি দুই বছর পূর্বে নিচ তলায় বাসা ভাড়া নেয়। বাসায় তার মা ও বোনদের নিয়ে থাকত। কিন্তু সে ৩/৪ মাস পর পর আসত। রবিবার বিকাল ৪টার সময় বাসায় এসে বড় রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় তার এক বোন মাকে রক্ষা করতে এল তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের চিত্কারে এলাকার লোকজন এসে মা ও বোনকে নিয়ে একটি কক্ষে রাখে এবং সাইফুল্লাকে জাপটিয়ে ধরে অপর একটি কক্ষে নিয়ে কক্ষের দরজা বাহির থেকে আটকে দেয়।

বেগমগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন ও মডেল থানার অফিসার ইন চার্জ ফিরোজ হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ বাহিনী ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘেরাও করে এবং ক্বারি সাইফুল্লার সঙ্গে কথা বলে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু সাইফুল্লা নিজেকে জেএমবি বলে দাবি করে এবং আত্মসমর্পণ না করার কথা বলে।

ইউএনও রুহুল আমীন ও অফিসার ইন চার্জ ফিরোজ হোসেন মোল্লা জানান, তাকে জীবিত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।