সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ২

সাভারে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে কাউন্দিয়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, কাউন্দিয়া এলাকায় বখাটে যুবক রায়হান, আলামিনসহ কয়েকজন যুবক ওই এলাকার এক মুদি দোকানদারের স্ত্রীকে কিছুদিন যাবত্ কুপ্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার রাতে দোকান বন্ধ করে স্বামী- স্ত্রী এক সাথে বাসায় ফেরার পথে ওই বখাটেরা রাস্তায় তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ওই দম্পতিকে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে তার স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাদের হুমকিও দেয় ধর্ষকরা। পরে ওই নারী রাতে স্বামীকে সাথে নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হান ও  আলামিনকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ অধিকারী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রধান দুই ধর্ষককে গ্রেফতার এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ওই গৃহবধূকে উদ্ধার করে মেডিক্যাল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।