রাজধানীর নয়াপল্টনে পুলিশের গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত অধিকাংশই শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা অনেকের পরিচয় জানতে পেরেছি এবং তাদের শনাক্ত করেছি। তারা সকলেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এই হামলা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন তিনি।
গাড়িতে আগুন দেওয়া যুবকের বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, যিনি আগুন দিয়েছেন তাকে ফুটেজে পরিষ্কার দেখা গেছে। গাড়ির উপরে দাঁড়িয়ে যারা তাণ্ডব করেছে তাদের দেখা যাচ্ছে। বুকের কাপড় খুলে লাঠি দিয়ে যে তাণ্ডব নৃত্য আমরা দেখেছি, সেটাও দেশবাসী দেখেছে।
ছবিতে হামলার ঘটনা দেখতে ক্লিক করুন:
তিনি আরো বলেন, পুলিশকে শুধু মারা না, হামলা বড় ধরনের অঘটন ঘটানোর পূর্ব পরিকল্পনা ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা ইতিমধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছি।
বল প্রয়োগে গেলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তাই পুলিশ বল প্রয়োগে যায়নি বলে জানান ডিএমপি কমিশনার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।
আরো পড়ুন: ‘মাশরাফির এর চেয়ে ভালো প্রস্থান আর হতে পারে না’
ইত্তেফাক/জেডএইচ