নওগাঁর রাণীনগরে রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গা দখলকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলহ থামাতে গিয়ে দখলদারদের হামলায় আব্দুর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ‘রাণীনগর রেল স্টেশনের পশ্চিম পাশে নওগাঁ-নাটোর মহাসড়কের দুই পাশ দিয়ে বেশ কিছুদিন ধরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রেলওয়ের জায়গা দখল করে আসছিলেন। এরমধ্যে সোমবার দুপুর দেড়টার দিকে জায়গা দখলকে কেন্দ্র করে দুইদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দখলদারদের স্থান ত্যাগ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে দখলদাররা রেল লাইনের উপরে উঠে পুলিশের ওপর এলোপাথারী পাথর ছুড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। হামলাকরীদের ছোড়া পাথরের আঘাতে আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হন।’
আরও পড়ুনঃ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু
তিনি আরও জানান, ‘এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের টিম মাঠে নেমেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু