বন্ধ শিল্প-কারখানা চালু করে লাভজনক করতে চান নতুন শিল্পমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

বন্ধ হয়ে থাকা সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে চালু করার উদ্যোগের কথা জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, এসকল শিল্প প্রতিষ্ঠান চালু করতে হবে এবং এগুলোকে লাভজনক করতে হবে। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় বহুল আলোচিত চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়েও কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, চিনি শিল্প প্রতিষ্ঠানসমুহের উত্পাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে। সততার সঙ্গে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আহ্বান জানিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন।

শিল্পমন্ত্রী বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সকল টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে।

সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব  মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।