প্রাচীন কঙ্কালের দাঁতের ফাঁকে নীল পাথর!

দ্য আটলান্টিক

দাঁতের ফাঁকে আটকে থাকা ছোট্ট নীল রঙের একটা পাথর। হাজার বছরের এক মহিলার কঙ্কালের মধ্যে কোথা থেকে এল এই রহস্যময় পাথর? রহস্য সমাধানে নেমে পড়েছিলেন বিজ্ঞানীরা। আর তা থেকেই জানা গেল মধ্যযুগের ওই মহিলার পেশার কথা। ডেন্টাল প্লেকে ওই রং ‘ফসিলাইজড’ হয়ে থেকে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জার্মানির ডালহেইমের মধ্যযুগীয় মঠের মধ্যে একটি কঙ্কালের থেকে এটি উদ্ধার হয়েছে।

রেডিওকার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায়, এটি ৪৫-৬০ বছর বয়সি এক সন্ন্যাসিনীর মৃতদেহ। ৯৯৭ থেকে ১১৬২ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়। মাইক্রো-রমন স্পেকট্রোস্কোপিতে জানা গেছে, এই পদার্থটি হল ল্যাপিস লাজুলি। আফগানিস্তানের পার্বত্য এলাকায় এটি পাওয়া যায়। ল্যাপিসকে গুড়া করে রঙ তৈরি হয়। মাইকেল অ্যাঞ্জেলোর মতো শিল্পীরা এই রঙ ব্যবহার করতেন রেনেসাঁর আমলে। মধ্যযুগে শুধুমাত্র মহামূল্যবান ধর্মীয় লিপিতেই ছিল এই রঙের ব্যবহার।  বিজ্ঞানীদের দাবি, রঙ করার মাঝে আপন মনে কিছু একটা ভাবতে ভাবতে তুলির পেছনটা সম্ভবত তিনি কামড়ে ধরেছিলেন। আর শুধু এই কারণেই হাজার বছর পর এক জার্মান সন্ন্যাসিনীর শিল্পী সত্ত্বা সামনে এল। জেনা এমআইটি’র গবেষক লেখক মনিকা ট্রোম্প বলেন, এই মহিলা খুব সম্ভবত পবিত্র চিঠি ও বাইবেল তুলি দিয়ে লেখার দায়িত্বে ছিলেন।