অন্যতম পরিকল্পনাকারী রানাকে ভারতের হাতে তুলে দিতে পারে যুক্তরাষ্ট্র

২৬/১১ মুম্বাই হামলা

 

খুব শীঘ্র ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহায়ুর হুসেন রানাকে হাতে পাবে ভারত। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় জেল খাটছে সে। সেখানে তার হাজতবাসের মেয়াদ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে। তারপর ভারতের হাতে তাকে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

গোটা প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল মার্কিন সরকারের এক প্রতিনিধি পিটিআইকে জানিয়েছেন, ‘এখানে হাজতবাসের মেয়াদ শেষ হোক আগে। তারপর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে। ভারত এবং আমাদের তরফে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যাতে উদ্দেশ্য সফল হয়।’ তবে দুই দেশেই নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে। তাই প্রত্যর্পণ নিয়ে তাড়াহুড়া করতে চায় না দিল্লি ও ওয়াশিংটন।

২৬/১১ মুম্বাই হামলার আর এক ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ তাহায়ুর হুসেন রানা। হজরত মুহাম্মদকে (স:) নিয়ে বিতর্কিত কার্টুন ছাপায় ২০০৮ সালে ডেনমার্কের একটি সংবাদপত্রের অফিসে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। ২০০৯ সালের অক্টোবর মাসে দু’জনকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।  সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন মুম্বাই হামলার সঙ্গে রানার সংযোগ ধরা পড়ে।

জানা যায়, হেডলির সঙ্গে মিলে মুম্বাইয়ে একটি ভুয়া অভিবাসন দপ্তর খুলেছিল সে। মানুষকে কানাডা ও আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার আড়ালে  হামলার ছক কষছিল তারা।