স্পোর্টস ডেস্ক
পুরো ক্যারিয়ার জুড়েই দারুণ সব কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এবার লা লিগা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চারশো গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সেলোনা অধিনায়ক। তার এমন কীর্তি গড়ার দিনে এস ডি এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দলের অন্য দুটি গোল করেছেন লুই সুয়ারেজ।
৩৯৮ গোল নিয়ে বছর শুরু করা মেসি আগের ম্যাচে গেতাফের বিপক্ষে একবার লক্ষ্যভেদ করে মাইলফলকের কাছাকাছি চলে এসেছিলেন। এই ম্যাচেই যে কীর্তিটি গড়তে যাচ্ছেন তা বুঝা যাচ্ছিল ম্যাচের শুরু থেকেই। ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই দারুণ ড্রিবলে এইবারের রক্ষণ ভেঙে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। কিন্তু তার শট বেরিয়ে যায় বার ঘেঁষে। এর মিনিট ছয়েক পর তার নেওয়া ফ্রি কিক প্রতিহত হয় বারপোস্টে। প্রথমার্ধ জুড়ে এইবার রক্ষণে ত্রাস সঞ্চার করলেও গোলের দেখা পাননি খুদে জাদুকর। তবে সুয়ারেজের লক্ষ্যভেদে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে ম্যাচের ৫৩ মিনিটে। সুয়ারেজের বাড়ানো বল থেকে প্রথম ছোঁয়াতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ৪০০ গোলের মাইলফলকে ছাপ রাখেন মেসি। এর মিনিট ছয়েক পরে সুয়ারেজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় ভালভার্দের দলের।
অধিনায়কের এমন কীর্তির পর প্রশংসার ভাষা হারিয়ে ফেলেন ভালভার্দে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘মেসির পরিসংখ্যান আকাশ ছোঁয়া; এগুলো অবিশ্বাস্য। শুধু গোলগুলো নয়, যেসব কীর্তি সে গড়েছে, তাতে মনে হয়, সে অন্য গ্যালাক্সি থেকে এসেছে।’
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে ২৫১ গোল করা টেলমো জারাকে সরিয়ে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মেসি।
সংখ্যাতত্ত্বে মেসির ৪০০
ইউরোপের প্রধান পাঁচ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক ক্লাবের হয়ে ৪০০ গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি।
শীর্ষ পাঁচ লিগের দল মিলিয়ে ৪০০ গোল স্পর্শ করার ক্ষেত্রে মেসি দ্বিতীয় অবস্থানে আছেন। এই মৌসুমের শুরুতে জুভেন্তাসের হয়ে লিগে তৃতীয় গোলটি করার পর এই মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
লিগে চারশোতম গোলটি করতে মেসি খেলেছেন মাত্র ৪৩৫ ম্যাচ। যেখানে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো একই মাইলফলক ছুঁতে ৬৩টি ম্যাচ বেশি খেলেছেন।
চারশো গোলের মাইলফলক ছোঁয়ার সময়ে ৩১টি হ্যাটট্রিক করেছেন মেসি, যার মধ্যে এক ম্যাচে চার গোলের কীর্তি গড়েছেন চারবার। লা লিগার ইতিহাসে এর চেয়ে বেশি হ্যাটট্রিকের কীর্তি আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর (৩৪)।
লা লিগায় এক ক্লাবের বিপক্ষে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড। সেভিয়ার বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। চিরপ্রতিদ্বন্দ্ব্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সমান সংখ্যক ম্যাচ খেলে ১৮ বার লক্ষ্যভেদ করেছেন তিনি।
মেসির এই মাইলফলক ছোঁয়ায় সবচেয়ে বেশি সহায়তা লুই সুয়ারেজের। উরুগুইয়ান ফরোয়ার্ডের বাড়ানো বল থেকে ২৯ বার লক্ষ্যভেদ করেছেন বার্সা অধিনায়ক।
মেসির ৪০০ গোলের এক-চতুর্থাংশের কিছু বেশি গোল এসেছে ম্যাচের শেষ ১৪ মিনিটে।
এক মৌসুমে মেসির সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড। ২০১১-১২ মৌসুমে গোলের অর্ধশতক পূর্ণ করেছিলেন এই আর্জেন্টাইন।