মানিকগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মর্জিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার তিল্লিরচর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। নিহত মর্জিনা বেগম ওই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী জানান, সকালে মর্জিনাকে ঘুম থেকে উঠতে দেরি দেখে রুমের বাইরে থেকে ডাকাডাকি করা হয়। এক পর্যায়ের তার ঘরের দরোজা ভেঙ্গে ঘরে ঢোকে তার পরিবারের লোকজন। এ সময় মর্জিনাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কি কারণে মর্জিনা আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু