বিপিএল’র রঙে সাজছে শেখ কামাল স্টেডিয়াম

মো. শীষ রহমান, নীলফামারী প্রতিনিধি

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও নবাগত বসুন্ধরা কিংস এর খেলা দিয়ে আগামী ২৩ জানুয়ারি পেশাদার লিগে নাম লেখাচ্ছে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। এখানে লিগটির খেলা অনুষ্ঠিত হতে যাওয়ায় আনন্দে আত্মহারা নীলফামারীর ক্রীড়ামোদীরা।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে ঘরোয়া ফুটবল লিগের শীর্ষ আসর। ১৮ জানুয়ারি লিগটি মাঠে গড়াবে। এই আসরে প্রথমবারের মতো নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে বেছে নিয়েছে বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব। দেশের ৬টি ভেন্যুতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বসুন্ধরা কিংস স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন। অপরদিকে ঢাকা আবাহনী হলো ঐতিহ্যবাহী দল। উভয় দলে দেশি-বিদেশি তারকা খেলোয়াড়রা খেলবেন বলে জানা গেছে।

নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, দেশের একাধিক ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ‘হোম গ্রাউন্ড’ বাছাইয়ের সুযোগ পায় ক্লাবগুলো। এ কারণে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নেয় বসুন্ধরা কিংস।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এর আগে কয়েকবার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেসব খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিগুলোতে। তাই সতর্কতা হিসেবে ২২ হাজার দর্শকের এই স্টেডিয়ামে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বাফুফের সদস্য ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে স্টেডিয়ামকে সাজাতে নানা রঙ ব্যবহার করা হয়েছে গ্যালারিতে। সেই সঙ্গে কর্মীরা ব্যস্ত মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতায়। এই স্টেডিয়ামে খেলবেন দেশি-বিদেশি নানা ফুটবলার। তাই টুর্নামেন্ট জুড়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসাধারণের জন্য থাকছে টিকিটের  ব্যবস্থা।

তবে কত টাকা দামের টিকিট ছাড়া হবে তা জানাননি তিনি।