মৌলভীবাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা!

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর পাড়ে প্রায় ২শ বছর আগে থেকে চলে আসা ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে রবিবার রাতে।

তিন দিনব্যাপী মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে উঠা দেশিয় প্রজাতির টাটকা মাছ কিনতে বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমান। সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের সীমানা ঘেঁষে জেলার শেরপুর এলাকায় বসে প্রতিবছর এই মাছের মেলা। মেলা শেষ হবে আজ মঙ্গলবার দুপুরে।

মেলা পার্শ্ববর্তী এলাকা আইনপুরের হাজী সাবু মিয়া জানান, প্রতিবছর মাছের মেলার অপেক্ষায় থাকেন তিনি। নদী ও হাওর থেকে আসা টাটকা মাছ কেনার জন্য। মাছ কিনে তিনি পরিবারের সদস্যদের সাথে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করে একসাথে খাওয়ার আয়োজন করেন। রাজশাহী থেকে মেলায় আসা মাছ ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম জানান, প্রায় ২৫ লাখ টাকার রুই, কাতলা ও ব্রিগেট মাছ নিয়ে এসেছেন এ মেলায়।

সিরাজগঞ্জ থেকে আসা সাখাওয়াত হোসেন বলেন, তিনিও প্রায় ১২ লাখ টাকার মাছ নিয়ে এসেছেন মেলায়। প্রথম দিন চার লাখ টাকার মাছ বিক্রি করেছেন। মাছের মেলা আয়োজক কমিটির সভাপতি মোঃ অলিউর রহমান জানান, গত তিন থেকে চার বছর ধরে জুয়াসহ যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধ হয়ে শুধু মাছের মেলা অনুষ্ঠিত হওয়ায় গ্রামবাংলার ঐতিহ্য ফিরে পেয়েছে।