রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুর উপজেলার মিতালী বাজার কৃষি ব্যাংক শাখাটি ১২ বছর পর স্থানান্তরের সিদ্ধান্তে চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন স্থানীয় গ্রাহকরা। এর প্রতিবাদে গত সোমবার ওই ব্যাংকের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাহকরা। এসময় ব্যাংকের শাখাটি বহাল রাখার দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোক এতে অংশ নেন।
সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ব্যাপারী, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল সাজী, মিতালী বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ফারুক অর রশিদ ও ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম প্রমুখ। স্থানীয় দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ব্যাপারী বলেন, ব্যাংকে এলাকার মানুষের কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে আছে। তাই গ্রাহকদের না জানিয়ে শাখা স্থানান্তর করা ঠিক হবে না। শাখাটি স্থানান্তর হলে গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হবে।
এ ব্যাপারে কৃষি ব্যাংক মিতালী বাজার শাখার শাখা ব্যবস্থাপক টিপু সুলতান বলেন, বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের হেড অফিসের লিখিত আদেশ মোতাবেক শাখাটি স্থানান্তরে নির্দেশ পেয়েছি। এটাকে মিতালী বাজার থেকে জনবহুল ব্যবসায়িক জন হায়দগঞ্জ এলাকায় স্থানান্তর করা হবে। বর্তমান স্থানে ব্যাংকটি এক যুগ পার হলেও এতে কোনো ডিপোজিট নেই। দিন দিন ব্যাংকটি স্থবিরতা ও বড় অঙ্কের লোকসানে পড়েছে।