সীতাকুণ্ডে নেট মিটারিং সিস্টেম চালু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুত্ গ্রাহকরা যাতে লোডশেডিং-এ না পড়ে সেজন্য বিদ্যুত্ বিভাগ সোলার প্যানেলের মাধ্যমে নেট মিটারিং সিস্টেম চালু করেছে। এতে করে বিদ্যুত্ গ্রাহকরা সৌরবিদ্যুত্ ব্যবহার করার পাশাপাশি তাদের উত্পাদিত অতিরিক্ত বিদ্যুত্ সরকারের কাছে বিক্রিও করতে পারবে।

সম্প্রতি পৌরসভাস্থ শেখপাড়া এলাকায় চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এই নেট মিটারিং সিস্টেম কার্যক্রমের উদ্বোধন করে। সমিতির জিএম শাহ্ জুলফিকার হায়দার প্রিন্স বলেন, বিদ্যুত্ সাশ্রয়ের লক্ষ্যে সরকার নবায়ন যোগ্য জ্বালানি পদ্ধতি বাস্তবায়নে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করে। আর সোলার প্যানেলের সঙ্গে নেট মিটারিং সিস্টেম থাকলে গ্রাহকের সাশ্রয় করা বিদ্যুত্ বিক্রি করা যাবে। যেমন একজন গ্রাহক যদি মাসে ১০০ ইউনিট বিদ্যুত্ ব্যবহার করে এবং সোলার প্যানেল থেকে যদি ২০ ইউনিট বিদ্যুত্ও উত্পাদন করতে পারে, তাহলে ঐ উত্পাদিত বিদ্যুত্ বাদ দিয়ে তাকে ৮০ ইউনিটের বিল দিতে হবে। ফলে এতে করে তার ২০ ইউনিট বিদ্যুতের মূল্য সাশ্রয় হবে। আর কেউ যদি বড় আকারের সোলার প্যানেল ব্যবহার করে সে ক্ষেত্রে তার উত্পাদন ব্যবহারের চেয়েও বেশি হতে পারে। এই অতিরিক্ত বিদ্যুত্ সে বিদ্যুত্ কর্তৃপক্ষের কাছে বিক্রি করে অনেক লাভবান হবে এবং বিদ্যুত্ বিভাগ বছর শেষে গ্রাহকের দাম পরিশোধ করবে। পাশাপাশি আগামী গ্রীষ্ম মৌসুমে গ্রাহকদের আর লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হবে না।

সমিতির এজিএম প্রকৌশলী মো. আকরাম হোসেন খাঁন বলেন, আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর কার্যালয়ে এই নেট মিটারিং সিস্টেম স্থাপন করা হয় এবং পর্যায়ক্রমে প্রত্যেক গ্রাহকের ঘরে এ পদ্ধতি স্থাপন করা হবে।