বরিশাল অফিস
বরিশালে ৪ বছরের শিশু দীপা রানী পুটি অপহরণের ৯ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি। বরিশাল নগরীর কলেজ রো এলাকা থেকে অপহরণ হয় শিশু পুটি। ইতোমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করা হলেও শিশু পুটি উদ্ধার না হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। গত ৬ জানুয়ারি শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় পুটির বাবা বিনয় সমাদ্দার পর দিন অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুটির বাবা মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার বলেন, মেয়ে আমার কেমন আছে, কোথায় আছে তা জানাতে পারেনি পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন ক্লু ধরে অভিযান চালাচ্ছে পুলিশ।