কলাপাড়ায় রিয়াজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়ার লালুয়া ইউনিয়নে জেলে রিয়াজ গাজীকে (৩৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও দুই শতাধিক এলাকাবাসী। গত রবিবার সকাল ১১টায় লালুয়ার বানাতিবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, তার স্বামী রিয়াজ গাজীকে কাওসার পরিকল্পিতভাবে সাগরে নিয়ে হত্যা করেছে। তার স্বামী জেলে মান্নান সরদার হত্যা মামলার এক নম্বর সাক্ষী। এ মামলার আসামি সালাম ও আক্কাস হাওলাদার কাওসারের আত্মীয়। এ মামলা থেকে তাদের রক্ষা করতে কাওসার পরিকল্পিতভাবে সাগরে নিয়ে রিয়াজকে হত্যা করে লাশ ফেলে দিয়ে নিখোঁজ নাটক সাজিয়েছে।

মানববন্ধনে  বক্তব্য রাখেন, রিয়াজের মা আইফুল বিবি, ভাই আনোয়ার গাজী, সন্তান মারিয়া (৮) ও রমিস গাজী ছাড়া এলাকাবাসী শান্তি ফকির। তারা রিয়াজ গাজী হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সাগরে মাছ ধরতে যায় রিয়াজ গাজী। ৬ জানুয়ারি বঙ্গোপসাগরের লাল বয়া হাইডের কাছাকাছি ট্রলার থেকে সে নিখোঁজ হয়।