পাকুন্দিয়ায় চুরির প্রতিবাদ করায় দোকানে অগ্নিসংযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় চুরির প্রতিবাদ করায় আগুন দিয়ে দুইটি দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে পৌরসভার হাপানিয়ায় এই ঘটনাটি ঘটে। এতে দুটি দোকান আগুনে পুড়ে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন।

ব্যবসায়ী মমিন ও আলাউদ্দিন জানায়, হাপানিয়ায় ভূমি অফিসের সামনে ইত্তেফাকের সাবেক উপজেলা সংবাদদাতা মো. শাহজাহান সাজুর কাছ থেকে ভাড়ায় মমিন ও আলাউদ্দিন পাশাপাশি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিল। রবিবার রাতে মমিনের বিকাশ একাউন্টের টাকা পাশ্ববর্তী বাড়ির ছেনু মিয়ার ছেলে হূদয় চুরি করে নিয়ে যায়। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। বিষয়টি দেখে নেওয়ার হুমকি দেয় হূদয়। এর জের ধরে সোমবার ভোরে হূদয় দোকান দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে দোকানে থাকা কম্পিউটার, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সাগর জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা উভয়পক্ষকে নিয়ে একটি সমঝোতার চেষ্টা করছি। 

পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।