বরগুনায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শামীম ইমতিয়াজ বাদশার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন পালন শেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

কর্মসূচিতে নিহত বাদশার স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তাদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ। উল্লেখ্য, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বুড়িরচর এলাকায় বাদশাকে কুপিয়ে হত্য করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বাবা সোহরাব মৃধা একই এলাকার মহসিন, আল-আমিন, জাকারিয়া, সাবু, রাকিব, মাহবুবসহ ১২ জনকে আসামি করে ঘটনার পরেরদিন বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলার আসামি আল আমিনের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।