তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকদের পারিশ্রমিকের টাকা কেটে নেয়ার প্রতিবাদ করায় এক শ্রমিককে মারপিট করেছে ইউপি সদস্য (মেম্বার)। আহত শ্রমিককে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগি শ্রমিক।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ইকরচালি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৩৮ জন শ্রমিক কর্মসৃজন কর্মসূচিতে কাজ করে আসছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি আব্দুল মজিদ সুকারু বিভিন্ন খরচ দেখিয়ে প্রতিজন শ্রমিকের কাছ থেকে দুইশত থেকে দুইশত বিশ টাকা করে টাকা বন্টনের সময় কেটে নেন। রবিবার সন্ধ্যায় শ্রমিকরা মাটি কাটার কাজ শেষ করলে রাতে স্থানীয় লক্ষীপুর মন্ডলপাড়া বাজারে অভিযুক্ত ইউপি সদস্য তাদের পারিশ্রমিকের টাকা বন্টন করার সময় প্রতিজন শ্রমিকের কাজ থেকে দুইশত টাকা করে কেটে নেন। এসময় খয়বার হোসেন নামের এক শ্রমিক প্রতিবাদ করলে ইউপি সদস্য ও তার সহযোগী মন্তাজুল ইসলাম প্রতিবাদী শ্রমিককে মারধর করে আহত করেন। পরে এলাকার লোকজন ওই শ্রমিককে রাতে স্থানীয় তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোমবার খয়বার হোসেন বাদী হয়ে ইউপি সদস্য ও তার সহযোগীকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ প্রদান করেন।
তারাগঞ্জ থানার এসআই আজাদ রহমান জানান, অভিযোগ পেয়ে সোমবার বিকেলে সরেজমিনে তদন্ত করে প্রাথমিক তদন্তে ধাক্কাধাক্কি ও কিলঘুষির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ব্যাপারে ওই ইউপি সদস্য আব্দুল মজিদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই শ্রমিককে শুধু ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়েছে। তাকে মারধর করা হয়নি।