চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার বেজপাড়া সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্র বেজপাড়া গ্রামের বকুল সরকারের ছেলে মো. আতিকুল ইসলাম (১২)। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন এ বিষয়ে সোমবার চাটমোহর থানায় একটি জিডি করেছেন।
প্রধান শিক্ষক আল আমিন জানান, মাদ্রাসার মোক্তব বিভাগের ছাত্র আতিকুল ইসলাম গত ১২ জানুয়ারি দুপুরে প্রতিদিনের মতো বাড়ি খেতে যায়। এসময় লেখাপড়ার জন্য বাড়ি থেকে তাগাদা দেওয়া হয়। এরপরই আতিকুল বাড়ি থেকে বের হয় এবং অপর ছাত্র জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে চাটমোহর রেলস্টেশনে যায়। বিকালে মেইল ট্রেন যোগে দুইজনে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হলেও জাহিদুল চাটমোহরের গুয়াখড়া স্টেশনে নেমে পড়ে; কিন্তু আতিকুল না নেমে চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছে না। কোনো ব্যক্তি মাদ্রাসার ছাত্র আতিকুল ইসলামের খোঁজ পেলে মোবাইল নম্বর ০১৭১৯-৮৬৪৩৪৯-এ যোগাযোগ করার জন্য অভিভাবকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।