নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বিপিএল ক্রিকেট খেলা নিয়ে নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। বিশেষ করে এ খেলায় সম্পৃক্ত হয়ে ধ্বংস হচ্ছে এ উপজেলার অধিকাংশ যুব সমাজ ও শিক্ষার্থী। অনেকেই এখন নিজের কর্মসংস্থান ছেড়ে জুয়ার পেছনে ঘুরছে। যার ফলে কিছু লোক অল্পদিনের মধ্যে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। আবার কেউ কেউ নিঃস্ব হয়ে রাস্তায় নেমে পড়েছেন।
জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক যুবক নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। যার কারণে এলাকায় বাড়ছে নানা অপরাধ ও ছিনতাই। একটি সূত্র জানায়, নামিদামি তারকাদের হাতে যখন বল বা ব্যাট থাকে তখন বলে আমার তারকা এবার চার বা ছক্কা মারবেন। চার-ছক্কা না পারলে আপনাকে আমি ২০ হাজার টাকা দেব। আর চার-ছক্কা করতে পারলে আপনি আমাকে ২০ হাজার টাকা দেবেন। এভাবে ভালো ক্রিকেট খেলোয়াড়দের ক্ষেত্রে হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত জুয়া ধরা হয়। এভাবে জুয়া খেলা চলছে।
জানা যায়, নিকলী উপজেলা সাতটি ইউনিয়নের ১৩টি হাট-বাজারসহ বিভিন্ন দোকান, হোটেল ও বাসায় প্রতিনিয়ত জুয়ার আসর বসে। উপজেলার সচেতন নাগরিকরা বলেছেন, প্রশাসন এবং পুলিশ আন্তরিক হলে এভাবে প্রকাশ্যে জুয়াড়িরা বসার সাহস পেত না।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ভুঁইয়া বিপিএল ক্রিকেট খেলার নামে জুয়া খেলা হয় এ কথা স্বীকার করে বলেন, আমাদের সোর্স কাজ করছে। সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান পরিচালনা করা হবে।