নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে বেরিয়ে প্রতিপক্ষের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাক চাপায় প্রাণ গেলো এক বৃদ্ধের। তার নাম আব্দুল জলিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে খোকন ও একই এলাকার ফিরোজ মিয়ার মেয়ে শিখা প্রেমের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে পালিয়ে গেছে। এ ঘটনায় ফিরোজ মিয়া বাদী হয়ে খোকন ও তার বাবাসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হন। এ সময় বাদী ফিরোজ মিয়া ও তার লোকজন তাকে তাড়া করলে পালাতে গিয়ে নিহত হন আব্দুল জলিল।
থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।