শাঁখারীবাজারে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে মারধর

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজকে পিটিয়েছে জবি শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের কর্মীরা। সোমবার বিকালে শাঁখারী বাজার মোড়ে হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার নাহিদ পারভেজ জানান, পুরান ঢাকায় বন্ধুর সাথে দেখা করে ফেরার পথে শাখারী বাজার মোড়ে অতর্কিত হামলার শিকার হন তিনি। পরে ন্যাশনাল মেডিক্যালে তিনি প্রাথমিক চিকিত্সা নেন। তিনি জবির সাবেক ছাত্রলীগ কমিটির উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলেন। নাহিদ পারভেজ আরো বলেন, আমি ক্যাম্পাস থেকে ফেরার পথে শাখা সভাপতি তরিকুলের কর্মী তরিকুল রিমন ওরফে ছোট তরিকুল ও লিখনের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী আমার উপর অতর্কিত হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে এ ব্যাপারে লিখন বলেন, ক্যাম্পাসের জুনিয়রদের সাথে নাহিদের বাকবিতন্ডা হয়েছিল এবং ধাক্কাধাক্কি হয়। আমি ও ছোট তরিকুল গিয়ে তাকে বাঁচিয়েছি।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম হামলার কথা অস্বীকার করে বলেন, আমি হামলার কথা জানি না। কেন্দ্রীয় ছাত্রলীগের শোভন ভাই আমাকে ফোন করেছিল এ বিষয়ে। আমাকে এই বিষয়টি দেখতে বলেছে। ছোট তরিকুল ও লিখনের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি তাদের ফোন করেছিলাম। তারা নাহিদের উপর হামলা করেনি। তারা নাহিদকে রক্ষা করেছে।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে বারবার ফোন দিলেও পাওয়া যায়নি।