বিশেষ প্রতিনিধি
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সঙ্গে আলোচনায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ দফা প্রস্তাবের কোনো প্রতিফলন ঘটেনি বলে মনে করেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার বিকেলে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৭ সালে জাতিসংঘে প্রদত্ত পাঁচ দফা প্রস্তাব ছিল অত্যন্ত সুস্পষ্ট। কিন্তু নেগোসিয়েশনে তার প্রতিফলন নেই। আমাদের অগ্রাধিকার হলো রোহিঙ্গা সংকটের সমাধান। পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠানো। এখন মনে হচ্ছে এ সমস্যার সমাধান সহজ নয়। অনেক কাঠখড় পোড়াতে হবে। আমরা গবেষণার উদ্যোগ নিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন সঠিক দায়িত্ব পালন করেনি।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা সমস্যা অব্যাহত থাকলে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়াও চীনের স্বার্থ বিঘ্নিত হবে। তাই আমাদের প্রতিবেশী সব দেশেরই দায়িত্ব আছে। সবাইকে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক সমস্যা ছাড়াও রোহিঙ্গা ইস্যুর কারণে নিরাপত্তা সমস্যা দেখা দিতে পারে। এটা আমাদের জন্য উদ্বেগের কারণ। অবশ্য চীন ও রাশিয়া পূর্ব অবস্থান থেকে সরে এসেছে।