খেলা বন্ধ করে দেশের স্বার্থে সিদ্ধান্ত নিন

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট সংক্রান্ত ভোটের একদিন আগে প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি দেশের স্বার্থে সব ধরনের খেলা বন্ধ করে ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে এমপিদের প্রতি আহবান জানিয়েছেন। এরই মধ্যে গতকাল থেরেসা মে’র দলের একজন হুইপ ব্রেক্সিটের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। এজন্য আজ মঙ্গলবারের ভোট ও তার পরিণতি সম্পর্কে অনিশ্চয়তা এখনো কাটছে না। খবর বিবিসি ও ডয়চেভেলের

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, সংসদ সদস্যদের দেশের ভবিষ্যত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এমপিরা চুক্তির খসড়া অনুমোদন না করলে চরম অনিশ্চয়তা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী মে। চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করার বদলে ব্রিটেন শেষ পর্যন্ত ইইউতে থেকে যেতে পারে বলে ব্রেক্সিটপন্থিদের স্মরণ করে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে গণভোটের রায় অমান্য করা হবে উল্লেখ করে মে বলেন, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যাবে। জনপ্রতিনিধিদের প্রতি তার স্পষ্ট বার্তা- খেলা ভুলে দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন।

ইইউ’র সঙ্গে ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটেনে দুই প্রধান দল বিভক্ত। এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ অংশ চুক্তির বিরোধিতা করছে। তবে বিকল্প সম্পর্কেও কোনো ঐকমত্যে পৌছাতে পারছেন না কেউ। চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ, দ্বিতীয় গণভোট ইত্যাদি কোনো বিকল্পের পক্ষেই যথেষ্ট সমর্থন নেই। গত সপ্তাহে পার্লামেন্টে এক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তার আওতায় চুক্তি নিয়ে ভোটাভুটিতে পরাজয় হলে প্রধানমন্ত্রীকে তিন দিনের মধ্যে বিকল্প পথ বাতলে দিতে হবে। ব্রিটেনের উদ্দেশ্যে ইইউতে থেকে যাওয়ার ডাক দিয়েছেন ইইউ পার্লামেন্টের প্রায় একশ’ সদস্য। এক আবেগভরা চিঠিতে তারা ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ডাক দিয়েছেন। তারা এমন পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করলে ব্রিটেনের জন্য বিপর্যয় ডেকে আনবে। তার দল সর্বশক্তি প্রয়োগ করে এমন সম্ভাবনা প্রতিরোধ করার চেষ্টা করবে। তিনি অবশ্য অনাস্থা ভোটের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আগাম নির্বাচনে বেশি আগ্রহ দেখাচ্ছেন। শনিবার লন্ডনে একদল বিক্ষোভকারী আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। কারণ চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করলে ভয়াবহ বিকল্প বেছে নিতে চাইছেন না এমপিরা। সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য ব্রিটেন ইইউতে থেকে যেতে পারে। কারণ ইইউ’র আদালতের রায় অনুযায়ী, ব্রিটেন ইইউ ত্যাগ করার সিদ্ধান্ত একতরফাভাবে প্রত্যাহার করতে পারে বটে, কিন্তু এমনটা করলে সে দেশকে ইইউতে থেকে যাওয়ার অঙ্গীকার করতে হবে।