শেষ কিছু দিনে বার্সেলোনা যেন নিজেদের হারিয়ে খুঁজছে! এরই মধ্যে আজ রাতে যখন চ্যাম্পিয়ন্স লিগের জি গ্রুপের ম্যাচে ডায়নামো কিয়েভকে আতিথ্য দেবে দলটি, তাদের লক্ষ্য থাকবে লিগের বাজে ফর্মের ছাপ চ্যাম্পিয়ন্স লিগেও না পড়তে দেওয়া।
জুভেন্তাস ও আলাভেসের বিপক্ষে শেষ দুই ম্যাচে প্রচুর সুযোগ সৃষ্টি করেও গোল খুব বেশি পায়নি কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা। লিগে ছন্দহীনতার পেছনেও দায়ী এ কারণটাই। কোচ কোম্যান সর্বশেষ লিগ ম্যাচের পরই উন্নতি চেয়েছিলেন এ দিকটায়।
কিয়েভের মুখোমুখি হওয়ার আগেও এ চাওয়াই ঝরল ডাচ কোচের কণ্ঠে, ‘আমি মনে করি আমাদের আরো বেশি গোল করা উচিত। আমরা এমন এক দল যারা প্রচুর সুযোগ সৃষ্টি করছি। আমরা (লিগে) বারো পয়েন্টের কেবল দুটি পেয়ে খুশি নই। আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে আর আমরা কঠোর পরিশ্রমও করছি।’
তবে ম্যাচের আগে কিয়েভের ১১ জনের করোনাক্রান্ত হওয়ার খবরে শঙ্কা আছে ম্যাচটি নিয়ে। তারপরও কোচ কোম্যান আশাবাদী, ‘কিয়েভের ১১ জন করোনাক্রান্ত, আরো ফলাফলের অপেক্ষায় আছে তারা। আশা করি, আমরা কাল খেলতে পারব।’ বার্সার গ্রুপসঙ্গী জুভেন্তাস দিনের অন্য ম্যাচে খেলবে ফেরেঙ্কভারোসের বিপক্ষে। এইচ গ্রুপে পিএসজি মুখোমুখি হবে রাজেন বলস্পোর্ট লিপজিগের। তার আগে দলটির দুশ্চিন্তা নিজেদের নিয়েই। চোটের কারণে নেইমার ছিটকে গিয়েছিলেন আগেই। লিপজিগ ম্যাচের আগে ছিটকে গেছেন আরেক তারকা কিলিয়ান এমবাপেও। সঙ্গে নেই মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দিরাও। ফলে লিপজিগের মাঠে আজ কঠিন পরীক্ষার মুখেই পড়তে হতে পারে কোচ থমাস টুখেলের শিষ্যদের। গ্রুপের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইস্তানবুলের বিপক্ষে। আরেক ইংলিশ দল চেলসি আতিথ্য দেবে ফরাসি দল রেনেকে।
ইত্তেফাক/এসি