চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় পূবালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, পূবালী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রেজা রিজভী এবং কম্পিউটার অপারেটর চন্দন দে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূবালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করার পর গতকাল দুপুরে ওই তিন কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করে। গত রবিবার ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং চট্টগ্রামের আঞ্চলিক মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম মজুমদারের দায়ের করা মামলায় তিন ব্যাংক কর্মকর্তা এবং একজন গ্রাহকসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। ব্যাংকের ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
থানার তদন্তকারী পুলিশ সূত্র জানায়, গত ৭ জানুয়ারি মো. হারুনুর রশিদ নামের এক গ্রাহক ৪টি চেক দিয়ে তার এ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার অনুরোধ করেন। তার সঙ্গে যোগসাজশ করে ঐ ব্যাংক কর্মকর্তারা ক্লিয়ারেন্স ছাড়াই এ্যাকাউন্টে টাকা জমা করেন এবং হারুন সব টাকা তুলে নেন। পরে দেখা যায় ওই চার চেকের এ্যাকাউন্টে কোনো টাকাই নেই। হারুন বহদ্দারহাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিতি। পূবালী ব্যাংকের চকবাজার শাখায় অনেক আগে থেকেই গ্রাহক তিনি। তাকে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলছে।