পাঁচ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরিশাল অফিস

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া পাঁচ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার বরিশাল কারা কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এছাড়াও কারাগার থেকে রেশনের গম পাচারের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা অধিদপ্তর এই তদন্ত করবে।

বরিশাল কারাগারের জেলার মো. ইউনুস জামান বলেন, কারাগারের মেস থেকে কিছু গম বিক্রি করার জন্য বাহিরে নিয়ে যাওয়া হয়। মেস ম্যানেজার শাহানুর এই গমগুলো ভ্যানে করে নগরীর বাজার রোডে পাঠায়। গম নিয়ে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়। তখন সেই ভ্যানের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হাতে লাঞ্ছিত হয় একজন সাংবাদিক। এ ঘটনায় পাঁচজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। এরা হচ্ছেন কারারক্ষী উজ্জল মিয়া, আবুল খায়ের, আবু বক্কর সিদ্দিক খোকন, কাওছার মিয়া ও আবু সাঈদ।