মাদক সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে আপস নাই —সালমান এফ রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান রহমান এমপি বলেছেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আমার কোনো আপস নাই। দোহার নবাবগঞ্জে এসবের যারা মদদ দিবে তারা আমার কাছে কোনো ঠাঁই পাবে না। সে যে দলেরই হউক না কেন সাজা তাকে ভোগ করতেই হবে।

 গতকাল সোমবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঢাকা-১ আসনের নবনির্বাচিত এমপির গণসংবর্ধনায় তিনি এ সব কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, নবাবগঞ্জে আমি ১০৩টি কেন্দ্রে উঠান বৈঠক করতে গিয়ে দেখেছি রাস্তা ঘাটের বেহালদশা। তাই আমার প্রথম কাজ হবে দ্রুত সময়ের মধ্যে রাস্তাঘাট মেরামত করা। আমি কথা দিচ্ছি আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। বেকার যুবকদের সমস্যা সমাধানে এ অঞ্চলে ৮শ’ খাস জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো।

তিনি বলেন, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্মের অনুসারীদের ভোটে আমি নির্বাচিত এমপি। এ অঞ্চলে সাম্প্রদায়ীকতার কোনো সুযোগ দেওয়া হবে না। মিলেমিশে সকলে এক সঙ্গে বাস করতে হবে। কোনো ভূমিদস্যু কারো কোনো জায়গা জোর করে দখল করতে পারবে না। আমি নির্বাচনের আগে বলেছি আমার সঙ্গে দেখা করতে কোনো মাধ্যম লাগবে না। আবারো বলছি যে কোনো সমস্যা মাধ্যম ছাড়াই আমার কাছে এসে বলবেন।

 তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন গ্যাস দেওয়ার কথা বলেছি। আমি অবশ্যই দ্রুত সময়ে গ্যাসসংযোগ করে দিব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা নির্বাচনে জনগণকে যে সকল ওয়াদা দিয়েছ তা অবশ্যই বাস্তবে রূপ দিবেন।

 নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  জালাল উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু, খন্দকার হারুন অর রশিদ, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মো.নুর আলী, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবণ্য ভুঁইয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল,ওয়াদুদ মিয়া, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দলাল শিং, দেওয়ান তুহিনুর রহমান প্রমুখ। পরে সন্ধ্যায় প্রখ্যাত ব্যান্ড সংগীত জেমস্ গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন।